logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

  • Published
  • 22 Dec, 2024

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৫-এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “সাংবাদিক প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে আসতে হবে। সংবাদ কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে যাবে কিনা তা বিবেচনার বিষয় নয়; বরং এটি সত্য ও স্বচ্ছতার প্রতিফলন হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “সাফল্য অর্জনের পাশাপাশি আমাদের কাজের মাধ্যমে সমষ্টিগত স্বার্থ রক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাংবাদিক প্রতিনিধি এবং ছাত্র সংগঠনগুলোকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে।”

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সম্ভাবনাকে ধারণ করলে এটিকে একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন এবং মোঃ ফেরদাউস হোসেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যনির্বাহী পরিষদ এর সাবেক সভাপতি মাহমুদুল হাসান তানভীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২০২৫ এর সভাপতি ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ সমিতির দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সাংবাদিক প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিশ্রুতি প্রদানের আহ্বান জানান।