জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের আয়োজনে ৯ জানুয়ারি ২০২৫-বৃহস্পতিবার শিক্ষার্থীদের ৯ম ব্যাচের বিদায় ও ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “সায়েন্টিফিক বিষয়গুলোর মধ্যে অণুজীব বিজ্ঞান বিভাগে গবেষণার ক্ষেত্র অনেক বিশাল এবং ঝুঁকিপূর্ণ। এই বিভাগে স্বয়ংসম্পূর্ণ এবং নিরাপদ ল্যাবের গুরুত্ব অপরিসীম, আমাদের এ বিষয়ে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমাদের এগিয়ে যেতে হবে। নতুন শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমে অংশ নিলে তাদের জীবন আরো স্বাচ্ছন্দ্যময় হবে।”
অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন তার বক্তব্যে বলেন, “তোমাদেরকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ক্যাপিটাল নির্মাণের চেষ্টা করতে হবে। নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতা একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মান উন্নয়নে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। একসাথে কাজ করলে আমরা একটি শক্তিশালী এবং উন্নত বিশ্ববিদ্যালয় গড়তে সক্ষম হবো।”
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
