২০ জানুয়ারি ২০২৫, সোমবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে আনন্দ মিছিল আয়োজন করে। এই আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস পরিক্রমা শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাপ্ত হয়। মিছিল চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসকে মুখরিত করেন।
মিছিল শেষে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য অধ্যাপক করিম এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে অভিভূত হন এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁরা সকলেই শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
এই আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তারা একত্রিত হয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
