২৭ জানুয়ারি ২০২৫, সোমবার)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) এর আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫ (ছাত্র-ছাত্রী) উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন এবং মানসিক প্রফুল্লতার জন্য খেলাধুলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন যত বেশি হবে, শিক্ষার্থীরা তত বেশি বিকশিত হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “শারীরিক কসরতের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা এবং এর মাধ্যমে মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। আমাদের বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি লাভ করতে হলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলাম কার্যক্রমে অংশগ্রহণ আরও বাড়াতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি ও ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “খেলাধুলা শুধুমাত্র এক্সট্রা-কারিকুলাম নয় বরং এটি কো-কারিকুলামের অংশ। শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করতে পারলে তাদের মন থেকে অনাকাঙ্ক্ষিত আশঙ্কা দূর হবে।”
স্বাগত বক্তব্য প্রদান করেন ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ আজম খান।
এবারের ৬ষ্ঠ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এ ছাত্রদের শাখায় ৩৮টি বিভাগ এবং ২টি ইনস্টিটিউটসহ মোট ৪০টি দল এবং ছাত্রীদের শাখায় ১৪টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানসহ বিভিন্ন দলের টিম ম্যানেজার এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
