৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার বিকাল ৫টায় অমর একুশে বই মেলায় বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত নতুন চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। এ সময় উপাচার্য মহোদয় লেখকদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও মানসম্পন্ন প্রকাশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই প্রকাশনাগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে আরও উচ্চতায় নিয়ে যাবে।” এছাড়া তিনি উল্লেখ করেন যে, এবারের বই মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলে শিক্ষক ও শিক্ষার্থীদের বই প্রদর্শনীর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিনের ‘ইসলামের দৃষ্টিতে টেকসই নগরায়ণ ও নাগরিক সেবা: পরিপ্রেক্ষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমের ‘Society and State in South Asia’, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাফর ইকবালের ‘Understanding and Enhancing Protective Effects of Bonding Social Capital on Delinquency’ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ খাইরুল ইসলামের ‘আর্থ-সামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকার মূল্যায়ন: সমীক্ষা’।
এছাড়াও অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের কবিতার বই ‘কল্পিত নয়’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক, জবি স্টল সাজ-সজ্জা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক প্রতিনিধি, ছাত্রনেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
