২৮ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের চাহিত চারটি সুনির্দিষ্ট বিষয়ের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা, ২য় ক্যাম্পাসের কাজ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে ২০২৫ তারিখের মধ্যে শুরু করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২য় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি প্রতি ১৫ দিন পর পর ব্রিফ করা এবং আগামী ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেয়া।
শিক্ষার্থী সংশ্লিষ্ট সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, অর্থ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের পিডি মোঃ আমিরুল ইসলাম সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর বিস্তারিত তথ্য প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সার্বিক ব্যাখ্যা প্রদান করেন।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
