logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রওশন আরা-হাসান আরিফ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • Published
  • 31 Aug, 2025
২৮ আগস্ট ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে রওশন আরা-হাসান আরিফ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং সংগীত বিভাগের স্নাতক পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী পাঁচজন শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, এই শিক্ষা বৃত্তি যাদের স্মরণে প্রদান করা হচ্ছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এরকম উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে। যারা বৃত্তি পেয়েছে তারা যেন ভবিষ্যতে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখে এবং পেশাগত জীবনে অন্যের পাশে দাঁড়াতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শিক্ষার্থীরা মেধা ও শ্রমের সমন্বিত প্রয়াসের মাধ্যমে সর্বোচ্চ একাডেমিক সাফল্য অর্জন করেছে। এই অর্জনের ফলে ভবিষ্যতে তাদের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে এবং পেশাগত জীবনে একই নিষ্ঠা ও অধ্যবসায় নিয়ে তারা আরও এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এবারের বৃত্তি পেয়েছেন আইইআরের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তাসলিমা আক্তার, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কামরুন্নাহার লুবনা, সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বৃষ্টি রানী কুন্ড, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সোনালী সাহা এবং স্নাতকোত্তর পর্যায়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শাহরিয়া ইসলাম ইমা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিটি যাদের স্মৃতিতে প্রবর্তিত, তাদের কন্যা রাবেয়া রওশন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইআরের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন।