logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

চবি ও বাকৃবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

  • Published
  • 02 Sep, 2025
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
সমাবেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নামে যারা হামলা চালিয়েছে তাদের সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং দায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়।
বক্তারা উল্লেখ করেন, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এ ধরনের বর্বর ও অমানবিক হামলা চরম নিন্দনীয়। ফ্যাসিবাদের বিস্তার রোধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। এখন থেকে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেষ্ট থাকাটাই আমাদের মূল লক্ষ্য। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারী সমিতির প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।