জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এ সেরা অংশীজন স্মারক ও বিচারক সম্মাননা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থী শুধুমাত্র ধর্মীয় মূল্যবোধ ও আগ্রহবশত ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ চর্চায় আরও উৎসাহিত হবে।
অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী খাদেজাতুল কোবরাকে ‘সেরা অংশীজন স্মারক সম্মাননা’ প্রদান করা হয়। এছাড়া ‘সেরা বিচারক সম্মাননা’ প্রদান করা হয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ ও সহযোগী অধ্যাপক ড. ইব্রাহীম খলিল, বাংলা বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহি চৌধুরী এবং সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসানকে।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার এবং অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মোঃ আতাউল গণি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক দপ্তরের পরিচালকবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
