logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদানের চেক হস্তান্তর

  • Published
  • 24 Dec, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বেলা ১:০০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে তাঁর অফিস কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি প্রতিটি অনুষদ থেকে প্রতীকীভাবে একজন এমফিল ও একজন পিএইচডি গবেষকের হাতে অনুদানের চেক প্রদান করেন। তিনি অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক ও গবেষণামুখী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতে সকল এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য এ ধরনের অনুদান বা বৃত্তি ব্যবস্থার পরিসর আরও সম্প্রসারণের চেষ্টা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের থিসিস ও গবেষণায় আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।
এছাড়াও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই প্রথম উদ্যোগের আওতায় ২০২৩–২০২৪ ও ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে সকল ইনস্টিটিউট ও বিভাগের মোট ১৩১ জন এমফিল ও পিএইচডি শিক্ষার্থীকে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৬৯ জন এমফিল গবেষক প্রত্যেকে এককালীন ১২,৪৮৫ টাকা এবং ৬২ জন পিএইচডি গবেষক প্রত্যেকে এককালীন ২০,৮৪৮ টাকা করে অনুদান পাবেন।