জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নির্বাহী কমিটির সঙ্গে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে জকসু-এর নবনির্বাচিত কমিটির কার্যকর যোগাযোগ ও সংযোগ স্থাপনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু’র সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। সভার শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন জানান। এ সময় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে এবং শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জকসু নেতৃবৃন্দের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে কাজ করবেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জকসু’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন জকসু নির্বাচন–২০২৫-এর সকল বিজয়ী, অংশগ্রহণকারী এবং নির্বাচন বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশে যৌক্তিক ও বাস্তবমুখী বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় আহবান জানান।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, নির্বাচিত প্রতিনিধিদের অগ্রাধিকারভিত্তিতে দৃশ্যমান ও বাস্তবায়নযোগ্য বিষয় নির্ধারণ করে দ্রুত প্রস্তাবনার আলোকে কাজ শুরু করতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করা হলে বিদ্যমান প্রতিবন্ধকতা অতিক্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।
সভায় বক্তব্য প্রদান করেন জকসু’র সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম। তিনি জকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি জকসু নির্বাচন আয়োজনের জন্য আইন প্রণয়নে সংশ্লিষ্ট কমিটির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভিপি তার বক্তব্যে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ৩০ ডিসেম্বর ২০২৫ জকসু নির্বাচন স্থগিত হওয়ার প্রেক্ষাপটে কিছু শিক্ষার্থীর শিষ্টাচারবহির্ভূত আচরণের জন্য শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। পাশাপাশি তিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিকনির্দেশনা, শাসন ও স্নেহ কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন জকসু’র সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানাসহ জকসু’র নির্বাহী কমিটির সকল সম্পাদকমণ্ডলী ও সদস্যবৃন্দ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, শিক্ষার্থী-সংশ্লিষ্ট কমিটির সদস্য হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দীন আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, ডরমিটরি প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু লায়েকসহ অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর সভায় অংশগ্রহণ করেন।
