জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের উদ্যোগে ২০তম ব্যাচের নবীন বরণ, ১৪তম ব্যাচের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফলভাবে শিক্ষাজীবন সম্পন্ন করায় অভিনন্দন জানিয়ে বলেন, তারা দেশ-বিদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসাডর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং গর্বের সঙ্গে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমুল প্রতিযোগিতার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণাভিত্তিক উৎকর্ষ অর্জনকে প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। পাশাপাশি বন্ধুত্ব ও নেটওয়ার্কিংয়ের পরিধি বিস্তৃত করে একাডেমিক ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সুপার সল্ট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এম এম সি এন্টারপ্রাইজ লিমিটেড-এর সিএফও আবুল বশির খান।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবন ও পারিবারিক জীবনের সফলতা কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের উদ্ভাবনী ও ইতিবাচক মনোভাব নিয়ে নিজেদের এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। এ সময় ১৪তম ব্যাচের স্নাতক (সম্মান) পর্যায়ের চারজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া জুলাই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

