logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেনশিয়াল প্যানেলের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

  • Published
  • 24 Feb, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেনশিয়াল প্যানেলের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সবসময় নানা উদ্বেগ ও প্রত্যাশা নিয়ে কাজ করতে হয়, যার ফলে অনেক সময় স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয় এবং সৃজনশীল কাজের সুযোগ সীমিত হয়ে পড়ে। তিনি উল্লেখ করেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যারিয়ার ক্লাবের যেকোনো কার্যক্রমে জবি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি ক্লাবের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেনশিয়াল প্যানেল ২০২৬–২০২৭ ঘোষণা করেন ক্লাবটির মডারেটর মোঃ শফিকুল ইসলাম। নবঘোষিত প্যানেলে সভাপতি হিসেবে কে এম তামিম রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাব্বানী রাসা রাতুলসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে বিদায়ী প্রেসিডেনশিয়াল প্যানেলের সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয় এবং ক্লাবের গভর্নিং বডির সদস্যদের সনদ প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন ওয়েবসাইট (https://jnucc.org) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, ক্যারিয়ার ক্লাব একটি প্রাণবন্ত সংগঠন হিসেবে দক্ষতার সঙ্গে বড় পরিসরের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে। সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জবিকে মানসম্মত ইন্ডাস্ট্রি কোলাবরেশনের দিকে নিতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি নতুন কমিটির সদস্যদের সঠিক ভিশন ও মিশন ধারণ করে কমিটমেন্ট ও টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে পূর্বসূরিদের ছাড়িয়ে আরও বড় সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।