জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির আয়োজনে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রমজান মুসলমানদের জন্য সারা বছরের মধ্যে এক মহিমান্বিত সময়। এ মাসে দোয়া, ইবাদত ও বিভিন্ন আমলের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি এবং চরিত্রের উন্নয়ন সম্ভব। ইসলামের সঠিক শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা গেলে সমাজ ও ব্যক্তিজীবনের নানা সমস্যা, হানাহানি ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন রমজান মাস একটি পবিত্র ও মহিমান্বিত মাস। এ মাসেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি উল্লেখ করেন, পৃথিবীর সকল মানুষ যদি কোরআনের শিক্ষা অন্তরে ধারণ করত, তবে তারা সঠিক পথের দিশা পেত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মুসলমানরা কোরআনের প্রকৃত শিক্ষা যথাযথভাবে ধারণ ও অনুসরণ না করার কারণেই সমাজে নানা বিচ্ছিন্নতা ও জটিলতার সৃষ্টি হচ্ছে। ন্যায্যতা ও প্রাপ্যতার বিষয়গুলো যথাযথভাবে বিচার-বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির আহ্বায়ক মোঃ আবদুল জলিল এবং সঞ্চালনা করেন সমিতির সদস্য হোসাইন আহমেদ। ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগের কর্মচারীরা অংশগ্রহণ করেন।




