logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের যোগদান

  • Published
  • 25 Mar, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে সোমবার (১৬ মার্চ ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১০ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-কে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষাজীবন ও ব্যক্তিগত তথ্য:
অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আতাপুর গ্রামে ১৯৭১ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার-এর আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতা:
অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন ১৯৯৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও প্রশাসনিক দপ্তরে প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এখানে তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণের জন্য তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশেষজ্ঞ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রুলস ও রেগুলেশন প্রণয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
গবেষণা ও সাংগঠনিক কার্যক্রম:
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ২৭টি গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জবি সাদা দলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জবি ইউট্যাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষার্থী কল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া কমিটি, মসজিদ পরিচালনা কমিটি এবং শিক্ষার্থী সংশ্লিষ্টসহ বহু কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণ:
শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত একাডেমিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।
নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের দায়িত্ব গ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।