logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Published
  • 12 Apr, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় সমাজবিজ্ঞান বিভাগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইস উদ্‌দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সীমিত সম্পদ নিয়েও দক্ষতা ও কার্যক্ষমতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, তাদের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে জীবনসংগ্রামী এবং তাদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা যে কোনো প্রতিষ্ঠানে নিজেদের সক্ষমতার সর্বোচ্চ প্রমাণ দিতে সক্ষম হবে।
উপাচার্য মহোদয় জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রশাসনের প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং একইভাবে সংশ্লিষ্ট সবার মধ্যে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সুযোগ সৃষ্টি করা গেলে শিক্ষার্থীদের দক্ষতা আরও উন্নত হবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী। তিনি ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানে এডফার্ম নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষার্থীর ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম।
সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।