জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চলমান সংস্কার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় তিনি বিভাগের ক্লাসরুম, সেমিনার কক্ষসহ করিডোরের বিভিন্ন স্থানে চলমান সংস্কার কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপাচার্য মহোদয় বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দকে সংস্কার কার্যক্রম চলাকালীন শিক্ষাকার্যক্রম ও বিভাগীয় কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে গৃহীত বিকল্প ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি চলমান রেট্রোফিটিংসহ প্রয়োজনীয় সকল সংস্কার কাজ যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নিজেও কাজের অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল গণিত বিভাগের শ্রেণিকক্ষ ও অন্যান্য কক্ষসংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধানে উপাচার্য মহোদয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং বিভাগের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে সংশ্লিষ্টরা বিভাগের প্রতিটি স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছেন।

