জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) পরিচালিত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় স্কুলটির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, জীবনের প্রাথমিক ভিত্তি নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো এসএসসি পরীক্ষা। যারা এ পর্যায়ে দৃঢ় ভিত্তি গড়ে তুলতে সক্ষম হবে, তারা ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনে এগিয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে পিতামাতার সম্মান রক্ষা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য আরও বলেন, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বিদ্যমান সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি সামাজিক অরাজকতা ও অপসংস্কৃতির প্রভাব থেকে শিক্ষার্থীদের দূরে থাকার বিষয়ে সচেতন থাকারও পরামর্শ দেন।পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক অধ্যাপক ড. আজম খান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ। এছাড়া স্কুলটির পুনর্গঠিত গভর্নিং বডির সদস্যবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী এসএসসি পরীক্ষার্থী, তাদের অভিভাবকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
