জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হলের অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ পরিচ্ছন্নতা, আবাসিক সুবিধা বৃদ্ধি, খাবারের মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের শুরুতে উপাচার্য মহোদয় হলের প্রধান প্রবেশপথ ঘুরে দেখেন এবং প্রবেশপথ সংস্কারের নির্দেশনা দেন। তিনি প্রবেশমুখে পানি জমে থাকার সমস্যা দ্রুত সমাধান এবং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি হলের গেস্টরুম পরিদর্শন করে অতিথিদের সুবিধার্থে পৃথক ওয়াশরুম স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি হলের সামগ্রিক সংস্কার কার্যক্রম দ্রুত ও পরিকল্পিতভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উপাচার্য পরবর্তীতে হলের অডিটোরিয়াম পরিদর্শন করেন। তিনি অডিটোরিয়ামকে আরও আধুনিক, কার্যকর ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে সেখানে উপযুক্ত ডায়াস নির্মাণ এবং আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের নির্দেশনা দেন।
হল সংশ্লিষ্টদের হলের সিঁড়ি ও আশপাশের পরিবেশ ঘুরে দেখে তিনি বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা, অপ্রয়োজনীয় সামগ্রী ও অন্যান্য উপকরণ অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশ দেন। একইসঙ্গে প্রয়োজনীয় সামগ্রী সুশৃঙ্খলভাবে সংরক্ষণের কথাও বলেন।
পরে উপাচার্য মহোদয় হলের ক্যান্টিন পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাবারের মানোন্নয়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং ক্যান্টিন সর্বদা পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট ক্যাটারারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
