শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকালে তিনি সরেজমিনে গ্রন্থাগার পরিদর্শন করে বিভিন্ন উন্নয়নমূলক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপাচার্য মহোদয় পুরো গ্রন্থাগার ঘুরে দেখেন এবং বিদ্যমান জায়গার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফাঁকা স্থান চিহ্নিত করেন। তিনি অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ ও পুনর্বিন্যাসের মাধ্যমে গ্রন্থাগারে আসন সংখ্যা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণের জন্য গ্রন্থাগারিককে নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রধান প্রকৌশলীকে আগামীকাল থেকেই কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এসময় শিক্ষার্থীদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি—গ্রন্থাগারের সময়সীমা বৃদ্ধি—সম্পর্কেও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য নির্দেশ দেন, পরদিন থেকেই গ্রন্থাগার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এ ঘোষণায় উপস্থিত শিক্ষার্থীরা করতালির মাধ্যমে উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বর্তমান প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক ও সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, প্রধান প্রকৌশলী, জকসুর ভিপি ও পাঠাগার সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

