জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে ইউজিসি’র হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) সাব-প্রজেক্টের আওতায় ‘ল্যাবরেটরি সেফটি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) বিভাগীয় কক্ষে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক অঙ্গনের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুনাম ও অর্জনে যে বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে, সেই বিভাগের প্রাপ্তি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য সীমিত হলেও বিদ্যমান সক্ষমতার সর্বোত্তম ব্যবহার করে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো অর্জন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মর্যাদা, অবস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি তাঁর অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সীমাবদ্ধতা, অপূর্ণতা ও হতাশা থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার প্রেরণা বিদ্যমান। এ প্রেক্ষাপটে তিনি বিশেষভাবে রসায়ন বিভাগের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, নানা অপ্রাপ্তির মাঝেও শিক্ষা ও গবেষণায় দেশের মধ্যে শীর্ষস্থান অর্জনের মাধ্যমে এ বিভাগ বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। এ ধরনের সাফল্য গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি এ ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আশা প্রকাশ করেন যে, এর ইতিবাচক প্রভাব শিক্ষার্থীদের মধ্যেও প্রতিফলিত হবে এবং তারা ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবে।
রসায়ন বিভাগের HEAT সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে রসায়ন বিভাগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর বিভাগের আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববিদ্যালয়কে গবেষণার ক্ষেত্রে বিশেষ স্বীকৃতি এনে দেয়। বিভিন্ন প্রকল্পে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভাগটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাক উদ্দিন ঠাকুর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইয়াসির আরাফাত খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন।

