logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • Published
  • 12 May, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (জবিকস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার (১১ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মকর্তা সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মকর্তাদের কার্যকর ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের গুরুত্বহীন করে রাখলে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
উপাচার্য আরও বলেন, দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা অনুযায়ী প্রশাসন কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করবে। তবে এর জন্য সকলকে সেবামূলক মানসিকতা নিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। পাশাপাশি কোনো ধরনের অপ-রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার বিষয়েও তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সভাপতি, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিমসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য শপথ পাঠ করেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা অনুযায়ী কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও সচেতন থাকবেন এবং কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, কর্মক্ষেত্রে সবাইকে পারস্পরিক সম্মান ও যথাযথ মর্যাদা বজায় রাখতে হবে। নিজ নিজ পদ ও দায়িত্বের প্রতি সুবিচার নিশ্চিত করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং আইআর-এর পরিচালকসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মকর্তা সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, পিইঞ্জ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।