logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Published
  • 18 May, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে রবিবার (১৭ মে ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসাসেবাকে সহজলভ্য করার লক্ষ্যে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
 
মেডিকেল ক্যাম্প চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসুর সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন মেডিকেল ক্যাম্পের বিভিন্ন সেবা কেন্দ্র পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা গ্রহণরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি আয়োজকদের এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
 
উপাচার্য মহোদয় বলেন, আমাদের সবারই স্লোগান হওয়া উচিত মানবতার জন্য কিছু করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। জকসুর এ উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কিছুটা হলেও ভূমিকা রাখবে।
 
তিনি এ উদ্যোগে অংশগ্রহণকারী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ক্যাম্পাসে আরও বেশি পরিমাণে আয়োজন করা প্রয়োজন। জকসু শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটাবে—এটাই আমাদের প্রত্যাশা।
 
উপাচার্য মহোদয় আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, জকসুর সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফসহ জকসুর অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন।