চলচ্চিত্র শিক্ষার বিকেন্দ্রীকরণ ও প্রশিক্ষণ সম্প্রসারণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৯ মে ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে আয়োজকবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
“বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব” শীর্ষক এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন। তিনি বলেন, দক্ষ মানবসম্পদের ঘাটতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে দেশের চলচ্চিত্র শিল্প এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। একইসঙ্গে তিনি চলচ্চিত্র শিক্ষাকে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও জাতীয় পরিচয় নির্মাণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বিসিটিআইয়ের অবদান তুলে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রত্যাশা ব্যক্ত করেন।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভাগের শিক্ষক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে চলচ্চিত্র শিক্ষা, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়।
