জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেল গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর স্কেলে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের শুভেচ্ছা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উচ্চতর স্কেল গ্রেড-১ প্রাপ্ত আটজন অধ্যাপকের মধ্যে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আজম খান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য ও অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী।
অন্যদিকে, গ্রেড-২ প্রাপ্ত বারো জন অধ্যাপকের মধ্যে রয়েছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সামাদ ও অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজী ও অধ্যাপক ড. ফারহানা জামান, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সুকুমার বেপারী, অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও অধ্যাপক ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম. শফিউল্লাহ হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পেশাগত জীবনে এ ধরনের অর্জন শুধু সংশ্লিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যই গৌরব ও আনন্দের বিষয়। তিনি উল্লেখ করেন, শিক্ষকদের এ অর্জন বিশ্ববিদ্যালয়েরও অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বিকাশে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, কোনো কাজের যথাযথ স্বীকৃতি কর্মোদ্যম ও উৎসাহ বৃদ্ধি করে। তিনি আশা প্রকাশ করেন, গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকবৃন্দ শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিতে ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের র্যাংবকিং উন্নয়নে শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য সকলের পারস্পরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান উপাচার্যের নেতৃত্বে এ ধরনের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের আয়োজন করতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। তিনি বলেন, শিক্ষকদের এই অর্জনের মাধ্যমে তাঁদের দায়িত্বও আরও বৃদ্ধি পেয়েছে। নিজ নিজ বিভাগ ও দায়িত্বের ক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং সেই অগ্রগতির সুফল বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রেড-১ ও গ্রেড-২ পদে উন্নীত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে তাঁদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষকদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা, মানোন্নয়ন এবং গবেষণার অগ্রগতির প্রতিফলন। ভবিষ্যতেও তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানের এক পর্যায়ে গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকবৃন্দ তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, শিক্ষকদের সাফল্য ও গবেষণামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে তাঁরা শিক্ষা ও গবেষণায় নিজেদের আরও উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
