জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (৯ জুন ২০২৬) প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং এ উদ্দেশ্যে গঠিত তদারকি কমিটির সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে কমিটির সদস্যরা প্রকল্পের চলমান নির্মাণকাজের বর্তমান অবস্থা, নির্মাণের গুণগত মান, গঠনশৈলী, নিরাপত্তা ব্যবস্থা এবং মান নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিষয়সমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে পৃথকভাবে বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি কোন কাজ কতটুকু সম্পন্ন হয়েছে, অবশিষ্ট কাজ শেষ করতে কত সময় প্রয়োজন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের বিভিন্ন উপাদান বাস্তবায়নের সম্ভাব্যতা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। আলোচনায় সীমানা প্রাচীর নির্মাণ, বিভিন্ন প্যাকেজের আওতায় বালু ভরাট ও ভূমি সমতলকরণ (লেভেলিং), ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং ভবন নির্মাণ, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে লেকশোর প্রোটেকশন কাজ, অভ্যন্তরীণ ও বহির্ভাগের সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, ডিপ টিউবওয়েল স্থাপন, ক্যাম্প নির্মাণসহ প্রকল্পের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং সম্ভাব্য সমাপ্তির সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য মহোদয় প্রকল্পের প্রতিটি কাজ নির্ধারিত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পাদনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সভাপতি ও সংশ্লিষ্ট তদারকি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক, জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর পিও মেজর খালিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোঃ আমিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।


