জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ফ্যাকাল্টি সদস্যদের জন্য আয়োজিত চারদিনব্যাপী “ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং” কর্মসূচির তৃতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের মিনি কনফারেন্স রুমে ‘Research, Quality Assurance and Professional Development’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল আজম সওদাগর।
প্রশিক্ষণের তৃতীয় দিনের কার্যক্রম মোট ছয়টি সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক ‘Research Culture and Academic Excellence’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন। তিনি গবেষণাভিত্তিক একাডেমিক সংস্কৃতি গড়ে তোলা এবং উচ্চশিক্ষায় গবেষণার গুরুত্ব তুলে ধরেন।
দ্বিতীয় সেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিছুর রহমান ‘Shifting Knowledge Towards Scientific Inquiries: A March to Good Publication’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি মানসম্মত গবেষণা প্রকাশনা, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং গবেষণার আন্তর্জাতিক মান অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
তৃতীয় সেশনে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন ‘Grants, Research Funding and Project Management’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় তিনি গবেষণা অনুদান সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা এবং গবেষণা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
চতুর্থ সেশনে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক ‘Quality Assurance in Higher Education’ বিষয়ে আলোচনা করেন। তিনি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিভিন্ন নীতিমালা, চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
পঞ্চম সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান ‘Common Mistakes in Result Preparation’ শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি ফলাফল প্রস্তুতকরণে সাধারণ ভুলত্রুটি, সেগুলোর প্রতিকার এবং নির্ভুল ফলাফল প্রণয়নের কৌশল নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী প্রশিক্ষণের ষষ্ঠ ও শেষ সেশনে অধ্যাপক ড. আবু লায়েক ‘Group Activity/Reflection’ শীর্ষক বক্তব্য প্রদান করেন। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় কার্যক্রমে অংশ নিয়ে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত উন্নয়ন সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণার মানোন্নয়ন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন গত ২০ মে অনুষ্ঠিত হয়। ৯ জুন থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম ১১ জুন পর্যন্ত পর্যায়ক্রমে চলবে।

