logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীদের লিভারেজ প্রদান অনুষ্ঠিত, চালু হচ্ছে ‘বেস্ট সিকিউরিটি অ্যাওয়ার্ড’

  • Published
  • 11 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিরাপত্তা প্রহরীদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের লিভারেজ প্রদান অনুষ্ঠান বুধবার (১০ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরাপত্তা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে নিরাপত্তা কর্মীদের দায়িত্বশীলতা ও সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আমাদের সবার নিরাপত্তা যাদের হাতে, তারা সচেতন না থাকলে নিরাপত্তা বিঘ্নিত হবে। তারাই আমাদের সুরক্ষা প্রদান করবে আর আমরা তাদের আস্থার বন্ধনে আবদ্ধ রাখবো। নিরাপত্তা কর্মীদের বিভিন্ন সমস্যা ও অসামঞ্জস্যতার বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে তিনি জানান, কর্মীদের কাজের স্বীকৃতি দিতে এখন থেকে প্রতি তিন মাস অন্তর তাদের কর্মদক্ষতার ভিত্তিতে ‘বেস্ট সিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এর মাধ্যমে দায়িত্ব পালনে তাদের উৎসাহ ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি নিরাপত্তা কর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সংশ্লিষ্ট সবার প্রয়োজন পূরণের জন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিভারেজ প্রদান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। তারা নিরাপত্তা কর্মীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক খন্দকার হাবিবুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের (নিরাপত্তা শাখা) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট ২৪ জন নিরাপত্তা প্রহরীর মাঝে লিভারেজ প্রদান করা হয়েছে।