logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম

  • Published
  • 14 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
______________
১১ জুন ২০২৬
• জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত বিশেষ বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের দুজন শিক্ষার্থীর হাতে প্রতীকীভাবে বিশেষ বৃত্তির চেক তুলে দেওয়া হয়। পরে মনোনীত সকল শিক্ষার্থীর ব্যাংক হিসাবে বৃত্তির অর্থ পাঠানো হবে বলে জানানো হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থী বিশেষ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন এবং প্রত্যেকে এককালীন ৯ হাজার টাকা করে বৃত্তি পাচ্ছেন।
• জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে জকসু’র তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
______________
১০ জুন ২০২৬
• জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিরাপত্তা প্রহরীদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের লিভারেজ প্রদান অনুষ্ঠান উপাচার্যের অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন ঘোষণা দেন যে, কর্মীদের কাজের স্বীকৃতি দিতে এখন থেকে প্রতি তিন মাস অন্তর কর্মদক্ষতার ভিত্তিতে ‘বেস্ট সিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে তিনি একটি কমিটিও গঠন করে দেন।
______________
৯ জুন ২০২৬
• জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং তদারকি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান, গঠনশৈলী, নিরাপত্তা ব্যবস্থা ও মান নিয়ন্ত্রণ বিষয়সমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
• একই দিনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে জুনিয়র ফ্যাকাল্টিদের জন্য আয়োজিত চারদিনব্যাপী “ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং” কর্মসূচির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শহিদ সাজিদ একাডেমিক ভবনের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
______________
৮ জুন ২০২৬
• বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেল গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের আয়োজনের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানানো হয়, যা একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।
• একই দিনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র টেবিল টেনিস দলের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এ সাফল্যের জন্য অভিনন্দন জানায়।
• এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ মাহাফুজুর রহমান যুক্তরাষ্ট্রের দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে Materials Science and Engineering বিষয়ে ‘Processing and Characterization of Binary Ferroelectric Oxides’ শীর্ষক গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করায় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর এ আন্তর্জাতিক একাডেমিক অর্জনকে অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও সাফল্য কামনা করে।
______________
৭ জুন ২০২৬
• ঈদুল আযহা-পরবর্তী ঈদ পুনর্মিলনী-২০২৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সকাল ১১টায় শুরু হওয়া এই পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
• একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এবং বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৫১ জন রোভার সদস্য অংশগ্রহণ করেন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মহোদয়।
______________
৩ জুন ২০২৬
• জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ক্যাম্পাসে “৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স”-এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে রোভার সদস্যদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
______________
২৯ মে ২০২৬ থেকে ৫ জুন ২০২৬
• জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন পবিত্র ঈদুল আযহার পরের দিন ব্যক্তিগতভাবে শিক্ষা বিষয়ক সফরে গণপ্রজাতন্ত্রী চীন সফর করেন। এ সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষা উন্নয়ন সংক্রান্ত অভিজ্ঞতা অর্জন।
উপাচার্য মহোদয়ের এ সফরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর সহযাত্রী হিসেবে অংশগ্রহণ করেন। সফর চলাকালে প্রতিনিধি দল শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ লাভ করে।
সফর শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন গত ৫ জুন দেশে প্রত্যাবর্তন করেন।
______________
২৮ মে ২০২৬
• পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পশু কোরবানি সম্পন্ন করা হয় এবং কোরবানির গোশত বিতরণ করা হয়, যা বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে।
• ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রশাসনিক, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে নতুন উদ্যমে গতি ফিরে এসেছে। ২২ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ থাকার পর জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি, প্রশিক্ষণ, সংবর্ধনা ও উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।