logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Published
  • 21 Jun, 2026
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীন পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা, নৈতিক বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একজন মানুষের জীবনের সফলতা অনেকাংশে পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের দোয়া, দিকনির্দেশনা এবং আশীর্বাদের ওপর নির্ভরশীল। তিনি বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সততার মাধ্যমে তারা আরও সফলতা অর্জন করবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন।
উপাচার্য আরও বলেন, কালের পরিক্রমায় ঐতিহ্যবাহী পোগোজ স্কুলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ল্যাবরেটরি স্কুল হিসেবে রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হবে।
শিক্ষার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ ও শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোঃ আজম খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্যবৃন্দ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে তাদের আগামী দিনের পথচলায় আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান অতিথিরা।