জবির এআইএস বিভাগ ও আইসিএসবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলো পেশাগত যোগ্যতা অর্জনের নতুন সুযোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ এবং Institute of Chartered Secretaries of Bangladesh (ICSB)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
এ সমঝোতা স্মারকের আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা আইসিএসবি পরিচালিত বিভিন্ন পেশাগত কোর্সে নির্ধারিত কোর্স অব্যাহতি (কোর্স এক্সেমশন) লাভের সুযোগ পাবে। ফলে তারা চার্টার্ড সেক্রেটারি পেশাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে তুলনামূলক সহজ ও দ্রুততর পথ অনুসরণ করতে সক্ষম হবে। এতে শিক্ষার্থীদের পেশাগত বিকাশ, দক্ষতা অর্জন এবং করপোরেট খাতে কর্মসংস্থানের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আলী নূর, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, শিক্ষার্থী উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে আইসিএসবি’র প্রতিনিধিরা অংশ নেন।
উভয় প্রতিষ্ঠানের দূরদর্শী নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও বাস্তবমুখী পেশাগত শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে।
সমঝোতা স্মারকের মাধ্যমে ভবিষ্যৎ পেশাজীবী গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ সৃষ্টি এবং দক্ষ করপোরেট নেতৃত্ব তৈরিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং আইসিএসবি। এই উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে পেশাগত দক্ষতার সঙ্গে সমন্বয় ঘটিয়ে দেশের করপোরেট ও প্রশাসনিক খাতে যোগ্য মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
