বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে রাজধানী ঢাকার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজধানীর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণির মোট ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রতিপাদ্য বিষয় ছিল “আমাদের পরিবেশ” এবং ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিপাদ্য বিষয় ছিল “পরিবেশ দূষণ”। শিক্ষার্থীরা নিজস্ব চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধের বিভিন্ন দিক চিত্রের মাধ্যমে তুলে ধরে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং আয়োজনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গঠিত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন। কমিটির সদস্য হিসেবে অধ্যাপক ড. নিগার সুলতানা, সহযোগী অধ্যাপক ড. নাজমুন নাহার এবং সহকারী অধ্যাপক সামিনা বেগমের তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
