জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে কবি সুফিয়া কামাল এবং কবি ও গীতিকার আবু হেনা মোস্তফা কামালকে স্মরণ করে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। এর প্রথম দিনের আয়োজন আজ রবিবার (২১ জুন ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘সুফিয়া কামাল: জীবন ও কর্ম’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের সেমিনার অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি শিক্ষার্থীদের সেমিনারের আলোচনাগুলো মনোযোগ সহকারে গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, প্রবন্ধকার ও আলোচকদের উপস্থাপিত ভাবনা ও মূল্যবোধ যদি ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করা যায়, তবেই এ আয়োজনের সার্থকতা অর্জিত হবে।
তিনি বলেন, কবি সুফিয়া কামাল বাঙালি জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ। সমাজের নানা কুসংস্কার ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তিনি নারীশিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মতো দূরদর্শী ব্যক্তিত্ব যদি সে সময়ে নারীশিক্ষা বিস্তারে কাজ না করতেন, তাহলে এ ক্ষেত্রে বাংলাদেশ আরও বহু বছর পিছিয়ে থাকত।
উপাচার্য আরও বলেন, সুফিয়া কামাল কেবল নিজে শিক্ষিত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং তিনি অন্যদের শিক্ষিত ও সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করেছেন। নারীশিক্ষার পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নারীদের ন্যায্য অধিকার, সম্পদের অধিকার এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
তিনি উল্লেখ করেন, এখনও সমাজের বহু ক্ষেত্রে নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন। বিশেষ করে সম্পত্তির অধিকার ও মোহরানা আদায়ের মতো বিষয়গুলোতে সচেতনতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে কাজ করার আহ্বান জানান তিনি।
সুফিয়া কামালের মানবতাবাদী দর্শনের প্রসঙ্গ তুলে উপাচার্য বলেন, তিনি শুধু নারী অধিকার আন্দোলনের নেত্রী ছিলেন না; বরং মানবিকতা, মনুষ্যত্ব ও প্রগতিশীল চিন্তার এক উজ্জ্বল প্রতীক ছিলেন। তাঁর সাহিত্যকর্ম ও জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের তাঁর আদর্শ ধারণ করে তা সামাজিক জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাহবুবুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির গবেষক মাহবুবা রহমান।
সেমিনারের প্রথম দিনে ‘সুফিয়া কামালের কবিতা: বিষয় ও অনুভবের বৈচিত্র্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাত আরা সোহেলী। এছাড়া ‘বিপন্ন প্রকৃতির বিষণ্ন নারী: সুফিয়া কামালের কবিতায় পরিবেশ-নারীবাদী অনুষঙ্গ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক সানজীদা মাসুদ।
উপস্থাপিত প্রবন্ধদ্বয়ের ওপর আলোচনা করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. গিয়াস শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদুল্লাহিল গালিব।
সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে কবি ও গীতিকার আবু হেনা মোস্তফা কামালের জীবন, সাহিত্যকর্ম ও অবদান নিয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।
