logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি শিক্ষক সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী, ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্প্রীতির মিলনমেলা

  • Published
  • 22 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী, ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে (শহীদ সাজিদ ভবনের ১৩ তলা) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল উৎসবের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে একত্রিত করে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি উল্লেখ করেন, এ ধরনের মৌসুমি ফল উৎসব আমাদের শৈশবের নানা স্মৃতিকে পুনর্জাগরিত করে এবং কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
উপাচার্য আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। ভিন্নমতকে সম্মান জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করলে যে কোনো আয়োজন আরও সফল ও উপভোগ্য হয়ে ওঠে। এ ধরনের আয়োজন শিক্ষক সমাজের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুরশেদ ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফল উৎসবের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজি। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. নাছির আহমাদ।
এবারের ফল উৎসবে দেশীয় ও মৌসুমি নানা ফলের সমাহার ছিল। বর্ণিল এ আয়োজনে আম, জাম, লিচু, পেয়ারা, আনারস, কাঁঠাল, আমলকী, পেঁপে, ড্রাগন ফল, আমড়া, জামরুল, করমচাসহ বিভিন্ন ধরনের ফল পরিবেশন করা হয়। ফলের বৈচিত্র্য ও উৎসবের প্রাণবন্ত পরিবেশ শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
পরবর্তীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং উৎসবমুখর পরিবেশে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ঈদ পুনর্মিলনী, ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।