জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের পাশে এবং আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন অবকাঠামোগত ও পরিবেশগত সমস্যা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশের শহীদ সাজিদ ভবনের বিভিন্ন কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) আউটডোর ইউনিট থেকে নিয়মিত পানি পড়ার কারণে মূল ফটকসংলগ্ন দেয়াল ও সড়কে স্যাঁতসেঁতে পরিবেশের সৃষ্টি হয়। এতে ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশের স্বাভাবিক অবস্থা ব্যাহত হওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপাচার্য মহোদয়।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি ভবনের আন্ডারগ্রাউন্ড এলাকায় প্রবেশ করে সেখানে বিদ্যমান সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় উপাচার্য মহোদয় আন্ডারগ্রাউন্ডে দীর্ঘদিন ধরে পানি জমে থাকা, বিভিন্ন সামগ্রী এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং পরিত্যক্ত ও অবৈধভাবে রাখা বিভিন্ন যানবাহনের উপস্থিতি লক্ষ্য করেন। এসব কারণে আন্ডারগ্রাউন্ডের পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে তিনি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অব্যবহৃত ও অবৈধভাবে রাখা যানবাহন অপসারণের নির্দেশ দেন।
এছাড়া আন্ডারগ্রাউন্ড এলাকায় অবৈধভাবে বসবাসরত কর্মচারীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তাদের স্থান ত্যাগ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
