জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ফ্যাকাল্টি সদস্যদের জন্য আয়োজিত চারদিনব্যাপী “ক্যাপাসিটি বিল্ডিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যেকোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ একজন শিক্ষকের পেশাগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপাচার্য মহোদয় বলেন, প্রশিক্ষণের বিভিন্ন সেশনে শিক্ষকদের পেশাগত দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা এবং শিক্ষাদান পদ্ধতির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে আরও প্রগতিশীল ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমানের তরুণ শিক্ষকরা আগামী দিনের নীতি-নির্ধারক ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই তাদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, একটি ফ্যাসিবাদমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা জরুরি। কোনো ধরনের সহিংসতা, জোরপূর্বক অযৌক্তিক দাবি আদায়, শিক্ষকদের অসম্মান, লুটতরাজ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায় ও অপরাধের সঙ্গে কোনো ধরনের আপস না করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন জনগোষ্ঠী তৈরিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমান প্রজন্মের শিক্ষকরা এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য মহোদয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, চারদিনব্যাপী প্রশিক্ষণের প্রতিটি সেশন মনোযোগের সঙ্গে অনুসরণ করলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভব। তিনি বলেন, নবনিযুক্ত শিক্ষকদের জন্য ক্লাসে পাঠদান শুরুর পূর্বে এ ধরনের প্রশিক্ষণের উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো গ্রহণ করা হয়েছে, যা একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে এবং তা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২২টি সেশন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২৭ জন প্রভাষক সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ রিসোর্স পারসনদের অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল আজম সওদাগর।
অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
