logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

আবু হেনা মোস্তফা কামালের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে জবিতে সেমিনার অনুষ্ঠিত

  • Published
  • 23 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে কবি সুফিয়া কামাল এবং কবি ও গীতিকার আবু হেনা মোস্তফা কামালের স্মরণে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) সেমিনারের দ্বিতীয় দিনে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আবু হেনা মোস্তফা কামাল: জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবু হেনা মোস্তফা কামাল ছিলেন বাংলা সাহিত্যাঙ্গনের এক অনন্য প্রতিভা। তাঁর সাহিত্যকর্মে গভীর চিন্তাশীলতা, সৃজনশীলতা ও প্রজ্ঞার অনন্য সমন্বয় লক্ষ্য করা যায়। নতুন প্রজন্মের কাছে এ ধরনের গুণী সাহিত্যিকদের জীবন ও কর্ম তুলে ধরতে এ ধরনের সেমিনারের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত সাহিত্য ও সংস্কৃতির ধারাকে ধারণ করে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের বিকশিত করা। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে নিজেদের কর্ম ও সৃষ্টির মাধ্যমে পূর্বসূরিদের ছাড়িয়ে যেতে পারে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সাহিত্যের সামাজিক দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ট্রেজারার বলেন, অতীতের সাহিত্যকর্মগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেসব রচনায় সমাজের প্রতি গভীর অঙ্গীকারবোধ ছিল। সাহিত্যিক ও কবিদের সঙ্গে সমাজের নিবিড় সম্পর্ক বিদ্যমান ছিল, যা তাঁদের সৃষ্টিকর্মকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছিল। আবু হেনা মোস্তফা কামালের সাহিত্যকর্মও তাঁর সময়, সমাজ ও মানুষের জীবনবোধকে ধারণ করেছে।
জবি বাংলা বিভাগের অধ্যাপক ড. চঞ্চল কুমার বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু।
সেমিনারের দ্বিতীয় দিনের মূল প্রবন্ধ ‘কবিতা ও গানে কবি আবু হেনা মোস্তফা কামাল’ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীম আরা। প্রবন্ধের ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. সুমন সাজ্জাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সোহানা মাহবুব। আলোচকরা আবু হেনা মোস্তফা কামালের কবিতা, গান ও সামগ্রিক সাহিত্যকর্মের নান্দনিকতা, ভাষাশৈলী এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ আলোচনা করেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে ‘সুফিয়া কামাল: জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী সেমিনারে বাংলা ভাষা ও সাহিত্যের দুই বিশিষ্ট ব্যক্তিত্বের জীবন, সাহিত্যকর্ম ও সমাজভাবনা নিয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়।
সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্য-সংস্কৃতিমনা অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।