জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
______
২৫ জুন ২০২৬
• জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) আয়োজিত তিনদিনব্যাপী ‘ডি-নথি (D-Nothi)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বিআইএমের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ডিজিটাল নথি ব্যবস্থাপনা, ই-গভর্ন্যান্স কার্যক্রম এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
• এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান ‘নজরুল পর্ব’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে আয়োজিত এ পর্ব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়।
• জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর একাধিক সভায় অংশগ্রহণ করেন। সভাগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পৃথক আরেকটি সভায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বিজ্ঞান গবেষণাগার স্থাপন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিকল্পনা এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
• ভবিষ্যতে জবি পরিবারের কোনো শিক্ষার্থী যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হন, সে লক্ষ্যে আগামী সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে একটি ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি)চালু করা হবে বলে উপাচার্য মহোদয় জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ওন-ক্লিক সার্ভিস’ সংযোজন করা হবে, যার মাধ্যমে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট যে কেউ জরুরি বা সংকটপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য যোগাযোগ করতে পারবেন এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সাড়া প্রদান করতে সক্ষম হবে। উপাচার্য মহোদয় আজ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট প্রোগ্রামার-কে আগামী সপ্তাহের এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
______
২৪ জুন ২০২৬
• জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়।
______
২৩ জুন ২০২৬
• বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৮৮তম (বিশেষ) সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সুপারিশ করা হয় এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়। একইসঙ্গে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ২৯ জুন সিন্ডিকেট সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
• একই দিনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে র্যারলি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোকচিত্র প্রতিযোগিতায় মির্জা মোঃ মুন চ্যাম্পিয়ন হন। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার গ্রুপ-‘এ’ বিভাগে রাহাত হোসেন এবং গ্রুপ-‘বি’ বিভাগে সিজান হোসেন প্রথম স্থান অর্জন করেন।
• আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতার পুরুষ একক বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পুরুষ দ্বৈত বিভাগে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে বিজয়ী খেলোয়াড়রা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
• এছাড়া সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য মহোদয়ের আহ্বানে এ বিষয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য মহোদয় বলেন ভবিষ্যতে জবি পরিবারের কোনো শিক্ষার্থী যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হয় তাদের সহযোগিতার জন্য খুব দ্রুতই কুইক রেসপন্স টিম গঠন করা হবে। সভায় জকসু প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা, সাংবাদিক প্রতিনিধি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
• একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে জবি জুডো দল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
______
২২ জুন ২০২৬
• বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে কবি সুফিয়া কামাল এবং কবি ও গীতিকার আবু হেনা মোস্তফা কামালের স্মরণে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারের দ্বিতীয় দিনের অনুষ্ঠান আয়োজিত হয়। কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘আবু হেনা মোস্তফা কামাল: জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
______
২১ জুন ২০২৬
• শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক লাউঞ্জে ঈদ পুনর্মিলনী, ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপাচার্য মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন করেন।
• একই দিনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত চারদিনব্যাপী ‘ক্যাপাসিটি বিল্ডিং’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য দক্ষ মানবসম্পদ গঠনে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
• এদিন বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘সুফিয়া কামাল: জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারের মাধ্যমে দুই দিনব্যাপী স্মারক সেমিনারের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মহোদয়।
• পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। উপাচার্য এবং ট্রেজারার কর্মসূচির উদ্বোধন করেন এবং বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট সংলগ্ন এলাকায় পাইন গাছের চারা রোপণ করেন।
• একই দিনে উপাচার্য মহোদয় শহীদ সাজিদ ভবনের পাশের এবং আন্ডারগ্রাউন্ড এলাকার বিভিন্ন অবকাঠামোগত ও পরিবেশগত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি এসি আউটডোর ইউনিট থেকে নির্গত পানির কারণে সৃষ্ট স্যাঁতসেঁতে পরিবেশ এবং আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি, অপরিচ্ছন্নতা ও অবৈধভাবে রাখা যানবাহনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
______
২০ জুন ২০২৬
• জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার মহোদয়।
______
১৯ জুন ২০২৬
• বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা চলাকালে উপাচার্য ও ট্রেজারার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।
• একই দিনে অণুজীব বিজ্ঞান বিভাগের এমএসসি প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপাচার্য মহোদয় বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন এবং পরে বিভাগের গবেষণাগার পরিদর্শন করে একাডেমিক ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম
- Published
- 28 Jun, 2026

