জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রমে আরও গতি, সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার উদ্দেশ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় তাঁরা নিজ নিজ দপ্তরের কার্যপরিধি, চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গ্রহণযোগ্য বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করেন।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি আধুনিক ও কার্যকর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পারস্পরিক সমন্বয়ের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় প্রশাসনিক কার্যক্রমকে আরও নিয়মতান্ত্রিক ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের পরিচালকদের সমন্বয়ে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি, কাজের অগ্রগতি মূল্যায়ন এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

