জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেন্ট্রাল লাইব্রেরির সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষা ও গবেষণার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা বিবেচনায় বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেন্ট্রাল লাইব্রেরির সংগ্রহশালা সমৃদ্ধকরণ, শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের চাহিদা অনুযায়ী নতুন বই, রেফারেন্স বই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ সংগ্রহের মাধ্যমে লাইব্রেরির সংগ্রহ বৃদ্ধি করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে লাইব্রেরির কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও যুগোপযোগী করতে লাইব্রেরি সামগ্রী ক্রয়ের জন্য বাজেট বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় লাইব্রেরির সেবাকে প্রযুক্তিনির্ভর ও অধিকতর কার্যকর করে তুলতে চলমান লাইব্রেরি অটোমেশন ও আধুনিকায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল সেবার সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণা উপকরণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে ই-রিসোর্স সম্প্রসারণ ও অনলাইনভিত্তিক তথ্যভান্ডার ব্যবহারের সুযোগ বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য লাইব্রেরির পাঠকক্ষ আধুনিকায়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয় নিয়েও সভায় বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং গবেষণাসহায়ক জ্ঞানকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন।
সদস্যদের মতামতের ভিত্তিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন লাইব্রেরিতে পাঠদানের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আইন অনুষদের ডিনের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কমিটিকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার আলোকে লাইব্রেরির সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)-এর পরিচালক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, লাইব্রেরিয়ানসহ লাইব্রেরি কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

