logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জবির অংশগ্রহণ নিয়ে মতবিনিময় সভা

  • Published
  • 27 Jul, 2026
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামী ৩১ জুলাই থেকে ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপন শুরু হবে। ঐতিহ্যবাহী পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কীভাবে এ আয়োজনে সক্রিয় ও সহযোগী ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে আলোচনা ও মতামত গ্রহণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর এবং বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারীরা ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনকে আরও বর্ণিল, তাৎপর্যপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন প্রস্তাব ও মতামত প্রদান করেন। আলোচনায় ঢাকার ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরতে জাঁকজমকপূর্ণ র্যারলি আয়োজন, ঢাকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের প্রদর্শন, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন এবং ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তথ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রয়েছে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। ফলে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উদযাপনে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজধানীর ঐতিহ্য ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, সভায় অংশগ্রহণকারীদের মতামত ও প্রস্তাবের সমন্বয়ে ‘ঢাকা দিবস’ উদযাপনে আরও নতুন ও সৃজনশীল ধারণা অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পরবর্তী সময়ে আরও একটি সমন্বয় সভা আয়োজন করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে ফোকাস করে বিভিন্ন আয়োজনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এ আয়োজনকে সফল ও তাৎপর্যপূর্ণ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সবার সহযোগিতায় একটি সুন্দর ও অর্থবহ আয়োজন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যে চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের পরিকল্পনা প্রণয়ন এবং প্রস্তাবিত কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দায়িত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে সামনে রেখে ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনকে সফল ও স্মরণীয় করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।