logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে ট্রেজারার পদে নিজস্ব শিক্ষক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

  • Published
  • 27 Jul, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক নিয়োগের দাবি জানান। এ সময় উপস্থিত সকলে “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগতকে ট্রেজারার হিসেবে মানি না, মানব না”—এই অবস্থানের প্রতি ঐকমত্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য ও ট্রেজারার নিয়োগের যে ধারা প্রতিষ্ঠিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের সম্মান, আত্মমর্যাদা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রতিফলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ট্রেজারারসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে কাউকে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা নেই বলে তারা অভিমত ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, বর্তমান উপাচার্যের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’-এর প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ অগ্রযাত্রাকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক থেকেই ট্রেজারার নিয়োগ দেওয়া সময়ের দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে দক্ষ, দায়িত্বশীল ও যোগ্য প্রশাসনিক নেতৃত্ব গড়ে তোলার সক্ষমতা প্রমাণ করেছে বলেও বক্তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষভাবে অবগত। ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে ট্রেজারার নিয়োগ করা হলে তা অধিকতর কার্যকর ও ফলপ্রসূ হবে।
সংবাদ সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে দাবি জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষককে নিয়োগ দিতে হবে। এ দাবি বাস্তবায়ন না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন বলে বক্তারা জানান। একই সঙ্গে দাবি আদায়ে প্রয়োজনে ‘গেট লক’ কর্মসূচিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, মর্যাদা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত কামনা করেন।