logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির পদার্থবিজ্ঞান বিভাগে নবীনবরণ, বিদায় ও এসএন নাহার বৃত্তি প্রদান

  • Published
  • 28 Jul, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ১৯তম, ২০তম ও ২১তম ব্যাচের নবীনবরণ, ১৩তম ও ১৪তম ব্যাচের বিদায় এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে এসএন নাহার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এবং রাজ্জাক-শামছুন ফিজিক্স ট্রাস্ট ফান্ডের প্রতিনিধি অ্যাডভোকেট সারওয়ার জাহান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন পদার্থবিজ্ঞান বিভাগকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ বিভাগগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বে নোবেল বিজয়ীদের মধ্যে পদার্থবিজ্ঞানে গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট গবেষকের সংখ্যা উল্লেখযোগ্য। আমাদের চারপাশের প্রাকৃতিক নিয়ম ও ঘটনাবলি থেকে শুরু করে আলো, বায়ু, চৌম্বক শক্তি, প্রযুক্তির উন্নয়ন, কম্পিউটার ও স্যাটেলাইট—সব ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চিকিৎসাবিজ্ঞান থেকে শুরু করে শিল্পবিপ্লব পর্যন্ত সর্বত্র পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি বলেন, পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে উদ্ভাবনী কর্মকাণ্ড ও গবেষণায় আরও এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা। আগামী দিনের পদার্থবিজ্ঞানীদের কাছ থেকে আমরা নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার প্রত্যাশা করতে পারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁদের উদ্ভাবনী শক্তি, মেধা ও গবেষণাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উচ্চতর মর্যাদায় প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেদের বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে এবং এর মর্যাদা সমুন্নত রাখতে হবে। হাজারো সংগ্রাম ও প্রতিকূলতা অতিক্রম করে শিক্ষার্থীরা তাঁদের পিতা-মাতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবর্ষের চারজন কৃতী শিক্ষার্থীকে এসএন নাহার অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান করা হয়। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভের সুযোগ অর্জন করায় তাঁদের বিভাগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়। এ সময় বিভাগের শিক্ষক, নবীন ও বিদায়ী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।