জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোবাইল নেটওয়ার্কিং সম্প্রসারণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্কিং সম্প্রসারণের দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক এ এম আখতারুল ইসলাম স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ চুক্তি বিশ্ববিদ্যালয়ের মোবাইল নেটওয়ার্কিং ও যোগাযোগব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের সঙ্গে বিশ্ববিদ্যালয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। একইভাবে টেলিটকও সেবার মানসিকতা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং ও যোগাযোগসেবার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। তিনি টেলিটক কর্তৃপক্ষকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিজেদের প্রতিষ্ঠান মনে করে সেবার ক্ষেত্রে আরও সহযোগিতামূলক ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের কার্যকর ও ফলপ্রসূ চুক্তি সম্পাদনের উদ্যোগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন ও সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও আপগ্রেডেশনের জন্য প্রয়োজনীয় যেকোনো কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে বর্তমান উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সম্পাদিত এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং ও যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোবাইল নেটওয়ার্কিং সম্প্রসারণ কমিটির আহ্বায়ক ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দীন। অনুষ্ঠানের শুরুতে চুক্তির প্রেক্ষাপট ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সৈয়দ আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান। তাঁরা এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং ও যোগাযোগসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্কিং সম্প্রসারণের দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক এ এম আখতারুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ধরনের সেবামূলক চুক্তি সম্পাদনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং ও যোগাযোগসেবার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টেলিটক নেটওয়ার্কের টাওয়ার স্থাপনের মাধ্যমে ডাটা ও মোবাইল নেটওয়ার্কিং ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
