জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপনের অংশ হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ‘জুলাই’২৪-এ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ জনাব তৌহিদুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাইয়ের প্রকৃত শিক্ষা আমাদের মননে ধারণ করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো নৈতিকতা, সত্যতা ও বস্তুনিষ্ঠতা। একজন সাংবাদিককে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই ও সত্যতা নিশ্চিত করতে হবে এবং অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। তিনি ভবিষ্যৎ সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজে ভিন্নমত থাকতেই পারে। তবে পারস্পরিক সম্মান ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে জাতীয় ঐক্য ও দেশের কল্যাণে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে বিভাজন, ক্রেডিটবাজি, অন্যায়, অপপ্রচার ও অন্যের অধিকার হরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রসঙ্গে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে ‘টিম জগন্নাথ’ হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, জবাবদিহিতা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
উপাচার্য বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ এবং আমাদের স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই। জুলাইয়ের প্রকৃত শিক্ষা ও চেতনাকে হৃদয়ে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে প্রধান আলোচক যমুনা টেলিভিশনের হেড অব নিউজ জনাব তৌহিদুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিকতা ও গণমাধ্যমের ভূমিকা, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাগত নৈতিকতা এবং বস্তুনিষ্ঠতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ সাংবাদিকদের দায়িত্বশীল, সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে আলোচনায় বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিসতার জাহান এবং পিআরআইপি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার নৈতিকতা, সত্যনিষ্ঠতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।



