জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগ কোরআন ও হাদিসভিত্তিক জ্ঞানচর্চা এবং সেই জ্ঞানকে বাস্তব জীবনে ধারণ ও প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিগত ফ্যাসিবাদী শাসনামলে এ বিভাগের ভূমিকা ও অবস্থান নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন। জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের জুলুম, বৈষম্য ও অধিকারহরণের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। অতীতে শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যথাযথ অবস্থান নিতে পারেননি। এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ফ্যাসিবাদের সমর্থক ও সুবিধাভোগীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করাই এখন আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক চর্চার পরিবর্তে শিক্ষা, গবেষণা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন, নৈতিক ও আদর্শনিষ্ঠ হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে মানুষের অধিকার ও সম্মানের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কোনো একক দল বা মতের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, কোরআন-সুন্নাহর আদর্শে অটল থেকে সত্য, ন্যায় ও শৃঙ্খলার পথে এগিয়ে যাওয়াই ইসলামিক স্টাডিজ বিভাগের অন্যতম প্রধান দায়িত্ব। জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা ধারণ করে ন্যায়, সাম্য, অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আইআরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আজম খান, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওমর ফারুকসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক।
আলোচনা সভায় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



