logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

প্রাণিবিদ্যা বিভাগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • Published
  • 03 Aug, 2026
জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) প্রাণিবিদ্যা বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বারবার স্মরণ ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করতে হবে এবং আত্মত্যাগকারীদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও অধিকারকে গভীরভাবে স্মরণ করার পাশাপাশি জুলাইয়ের চেতনাকে অন্তরে ধারণ করে তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের আদর্শ অন্যের ওপর চাপিয়ে দিতে পারে না। আদর্শের নামে কারও প্রতি জুলুম করা বা অধিকার হরণ করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়; এটি ছিল বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলনের ফসল। তাই শহীদ, আহত, পঙ্গু ও আত্মত্যাগকারী প্রত্যেকের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করতে হবে।
উপাচার্য ভবিষ্যৎ প্রজন্মকে বৈষম্যহীন ও অধিকারভিত্তিক বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে এবং অন্যায় দেখেও নীরব থাকার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। গঠনমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার পাশাপাশি বিতর্কিত বা অন্যায় কর্মকাণ্ডের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সংশোধনের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে কোনো ধরনের জুলুম, শোষণ ও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিতর্ক ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।