logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির দ্বিতীয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের কাজ দ্রুত সম্পন্নে সমন্বয় সভা

  • Published
  • 03 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের (ইন্টারনাল রোড) কাজ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-এর সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)" প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুমোদিত আরডিপিপিতে অন্তর্ভুক্ত বিভিন্ন কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে আয়োজিত এ সভায় প্রকল্পের প্রথম ধাপের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় দ্বিতীয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে।
সভায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর খালিদ হাসান অভ্যন্তরীণ সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশায় কিছু পরিবর্তনের প্রস্তাব উপস্থাপন করেন। পরে বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনীর প্রতিনিধিদের যৌথ আলোচনার মাধ্যমে প্রস্তাবটি পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে সড়ক দুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম অভ্যন্তরীণ সড়ক নির্মাণকাজের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন পরিকল্পনা এবং কারিগরি বিষয়সমূহ উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দৃশ্যমানভাবে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উত্থাপিত প্রস্তাবের আলোকে দ্রুত অভ্যন্তরীণ সড়কের এলাইনমেন্ট চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রকল্প তদারকি কমিটির সদস্যবৃন্দ, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং বিশ্ববিদ্যালয় ও প্রকল্পসংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।