জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ও জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নিকট জকসু, ছাত্রদল ও ছাত্রশক্তির ভিন্ন ভিন্ন প্রতিনিধিদল স্মারকলিপি হস্তান্তর করে।
স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য মহোদয় সকলকে সর্বোচ্চ ধৈর্য, দায়িত্বশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নতুন বাস্তবতায় পারস্পরিক সংঘাত নয়, বরং সংলাপ, সহনশীলতা এবং সম্প্রীতির চর্চাই হওয়া উচিত। তিনি আরও বলেন, সংঘাত কখনো শান্তি বয়ে আনে না; বরং তা বিভাজন ও অস্থিতিশীলতার সুযোগ সৃষ্টি করে।
উপাচার্য বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিগগিরই তাদের প্রতিবেদন দাখিল করবে এবং প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে তাদেরকে সর্বোচ্চ ধৈর্য ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জকসু, ছাত্রদল ও ছাত্রশক্তির মতামত, পর্যবেক্ষণ ও দাবিসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়।


