জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ১০ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিভাগের নিজস্ব শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ফার্মেসি বিভাগের প্রফেশনাল প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারি। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ খায়রুল মামুন এবং নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ সময়োপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিকশিত ও গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিভাগটি শিক্ষা, গবেষণা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।তিনি আরও বলেন, মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ ফার্মাসিস্ট হিসেবে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জনগণের কল্যাণে নিরাপদ ও মানসম্মত ওষুধ উৎপাদন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মৌলিক উপাদান তৈরিতে তাঁদের অবদান দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে তাদের শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।



